[মৌখিক নির্যাতন ও আক্রমণের প্রতিক্রিয়া জানানোর নির্দেশিকা]
যেকোনো কারনেই সহিংসতা অগ্রহণযোগ্য: নিয়োগকর্তা বা ব্যবস্থাপকগণ দুর্ঘটনা বা কর্মজনিত ত্রু টিসহ কোনো কারনে কর্মীদের ওপর শারীরিক আক্রমণ বা মৌখিক নির্যাতন করতে পারবেন না। কোনো ঘটনা ঘটলে, অপরাধীর শাস্তি নিশ্চিত করতে এবং ক্ষতিপূরণ দাবি করার জন্য আপনি পুলিশের কাছে (শারীরিক আক্রমণের ক্ষেত্রে) অথবা কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ে (হয়রানির ক্ষেত্রে) অভিযোগ জানাতে পারেন।
- মৌখিক নির্যাতনও এক ধরনের হয়রানি:
শুধু শারীরিক আঘাতই নয়, বরং নিয়মিত অশালীন ভাষা, আপত্তিকর ভাষা এবং অপমানজনক আচরণও কর্মক্ষেত্রে স্পষ্ট হয়রানি।
- কর্মস্থল পরিবর্তনের অধিকারের নিশ্চয়তা:
যদি কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় নির্ধারণ করে যে যৌন হয়রানি, যৌন সহিংসতা, আক্রমণ, অভ্যাসগত মৌখিক নির্যাতন ইত্যাদির কারনে আপনি "কাজ চালিয়ে যেতে পারছেন না", তবে আপনি আপনার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন। এই পরিবর্তনটি আইনত অনুমোদিত কর্মস্থল পরিবর্তনের সংখ্যার মধ্যে গণনা করা হবে না।
- সম্মিলিতভাবে মোকাবিলা করুন:
ঘটনাটি সম্পর্কে জানানো এবং বিশেষজ্ঞের সহায়তা পেতে ও সম্মিলিতভাবে মোকাবিলা করার জন্য অভিবাসী শ্রমিক সহায়তা সংস্থা বা শ্রমিক ইউনিয়নের সাথে যোগাযোগ করা অধিকতর নিরাপদ। আপনি যদি নির্যাতনের শিকার হয়ে থাকেন, তবে চুপচাপ কষ্ট সহ্য করবেন না; অবিলম্বে আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করুন।
- প্রমাণই সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়:
পরবর্তীতে প্রতিবেদন তৈরির সময় যাতে সুবিধা হয়, তা নিশ্চিত করার জন্য ঘটনা ঘটার সাথে সাথেই আপনাকে অবশ্যই প্রমাণ সংগ্রহ করতে হবে, যেমন—সাক্ষীর জবানবন্দি নেওয়া, কথোপকথন রেকর্ড করা, ভিডিও করা এবং আঘাতের ছবি তোলা।